গলাচিপা সরকারি কলেজ

Galachipa Govt. College

স্থাপিত: ১৯৬৯, EIIN: ১০২৩৩১, গলাচিপা, পটুয়াখালী

প্রতিষ্ঠানের ইতিহাস

বরিশাল বিভাগের সর্বদক্ষিণে পটুয়াখালী জেলার অন্তর্গত বঙ্গোপসাগরের তীরে উপকূলীয় ৬৭টি ছোট-বড় দ্বীপের সমন্বয়ে গলাচিপা উপজেলা গঠিত। উপজেলার প্রাণকেন্দ্রে পৌরসভার ৯নং ওয়ার্ডে ১৯৬৯ সালে স্থানীয় শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য ১১.৮৫৫ একর জমির উপর গলাচিপা কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিতাদের মধ্যে ছিলেন **সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম আব্দুল বারেক মিয়া, **এম এ রব মিয়া, প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা বিএনপি, গলাচিপা, **মোঃ নুরুল ইসলাম মিয়া (নুরু মিয়া), সাবেক চেয়ারম্যান, গলাচিপা ইউপি, **মোঃ মুজাফফর আহমেদ খলিফা, সাবেক চেয়ারম্যান, গলাচিপা ইউপি, **সত্য রঞ্জন দাস, হরিদেবপুর, **শামসুল হক হাওলাদার (শামসু প্রেসিডেন্ট) পানপট্টি, **মোঃ দেলোয়ার হোসেন, চেয়ারম্যান, ডাকুয়া ইউপি, এবং **ওয়াজেদ আলী হাওলাদার (ওজী হাওলাদার) ২নং ওয়ার্ড, গলাচিপা পৌরসভা। তাঁদের সহযোগিতায় ছিলেন তৎকালীন স্থানীয় ছাত্র ও যুব নেতৃবৃন্দ।    

পটুয়াখালী জেলার সর্ববৃহৎ উপজেলা গলাচিপা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, নদ-নদী বেষ্টিত মনোরম পরিবেশে গলাচিপা উপজেলার নামের সাথে মিল রেখে কলেজটির নামকরণ করা হয় গলাচিপা কলেজ। যা ১৯৭২ সাল থেকে ডিগ্রি পর্যায়ে পরিচালিত হচ্ছে। পরবর্তীতে সাবেক  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ২০১৮ সালের ৮ আগস্ট থেকে গলাচিপা কলেজকে সরকারিকরণ করা হয়। উক্ত তারিখের পর থেকে  কলেজটি ‘গলাচিপা সরকারি কলেজ’ নামে পরিচিত হচ্ছে। 

ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘ প্রায় ৬০ বছর যাবত নানা প্রাকৃতিক দূর্যোগে পতিত চরাঞ্চলসহ উপকূলবর্তী খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে চলেছে। 

এ যাবত অনুষ্ঠিত সকল পাবলিক পরীক্ষার ফলাফলের দিক থেকে অত্র কলেজটি পটুয়াখালী জেলার শীর্ষে এবং বরিশাল শিক্ষাবোর্ডের তালিকাভূক্ত সেরা কলেজগুলোর মধ্যে অন্যতম। উন্নত অবকাঠামো ও সুবিশাল ক্যাম্পাস সমৃদ্ধ কোলাহল মুক্ত প্রাকৃতিক মনোরম পরিবেশে কলেজটির অবস্থান। 

বর্তমানে কলেজটিতে এইচএসসি সাধারণ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা), এইচএসসি (বিএমটি) ৫টি ট্রেড (কম্পিউটারাইজড একাউন্টিং সিস্টেম, ফিনান্সিয়াল প্র্যাকটিস, ডিজিটাল টেকনোলোজি ইন বিজনেস, ই- বিজনেস এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট), জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (পাস) কোর্স (বিএ, বিএসএস, বিবিএস ও বিএসসি) এবং বাউবি’র শিক্ষাক্রম চালু রয়েছে। অচীরেই কলেজটিতে  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স ও মাস্টার্স শিক্ষাক্রম চালু হবে বলে আশা করি। 

এছাড়া কলেজটি জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক (পাস) ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বিএ/বিএসএস প্রোগ্রামের পরীক্ষা কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে কলেজটির শিক্ষার্থী সংখ্যা ৩০০০ এর উপরে এবং শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী আছেন ৬৬ জনের অধিক।